Saturday, September 24, 2011

শুদ্ধ বাংলা বিশুদ্ধ বাংলা


প্রশ্ন: শুদ্ধ কি প্রকারে শুদ্ধতর হয় ? বাহ্যিক পরিবর্তন ছাড়াও সমূহ ব্যবহারিক পরিবর্তন কি ভাবে সম্ভব? দশটি উদাহরণ সহ ব্যাখ্যা করো
উত্তর: শুদ্ধ হতে শুদ্ধতর হওয়া এবং বাহ্যিক পরিবর্তন ছাড়া ব্যবহারিক পরিবর্তনের যে পদ্ধতিটি, তার উত্তম প্রয়োগ-দৃষ্টান্ত আমরা দেখতে পারি আমাদেরই আপন মাতৃভাষায়
অতএব, বঙ্গ-ভান্ডার চষে দশ খানি বিবিধ-রতন নীচে লিপি-বদ্ধ করা হলো:
শব্দ ১- ব্যাপক:
প্রাচীন ব্যবহার : কলিকাতা শহরে ওলাউঠার প্রাদুর্ভাবে ব্যাপক হারে মানুষ মরিতে লাগিলো
আধুনিক ব্যবহার: ব্যাপক মেয়ে, সাধু ভাষায় যাকে বলে ডানা লেস পরি
শব্দ ২- আগুন:
প্রাচীন ব্যবহার : এত বেলা হয়ে গ্যাল এখনো উনুনে আগুন পড়ল না রে মুখপুড়ির দল?”
আধুনিক ব্যবহার: হোয়াট আ কভার ড্রাইভ, আগুন শট, জিও দাদা
শব্দ ৩- গুরু:
প্রাচীন ব্যবহার : তুমি গুরু তুমি রাম, তুমি ভগবান, তোমারি লগিয়া তাই কাঁদে মোর প্রাণ
আধুনিক ব্যবহার : ভ্যানতারা না মেরে একটা সিগারেট দাও দেখি গুরু


শব্দ ৪- প্রেম:

প্রাচীন ব্যবহার: যদি প্রেম দিলে না প্রাণে...
আধুনিক ব্যবহার: আরে এ কোনও কঠিন কাজই নয়, প্রেমসে হয়ে যাবে
শব্দ ৫- পাগলা:
প্রাচীন ব্যবহার: “ পাগলা ভাই আমার, তুই ভারী দুষ্টু হয়েছিস আজকাল”
আধুনিক ব্যবহার: “ পাগলা চূলকে নে”
শব্দ ৬- বোকা
প্রাচীন ব্যবহার: “এই সহজ ব্যাপারটা বুঝলে না, তুমি তো আচ্ছা বোকা হে?”
আধুনিক ব্যবহার: এই পাতি ব্যাপারটা বুঝলে না, তুমি তো আচ্ছা বোকা#$ হে?”
শব্দ ৭- বাংলা
প্রাচীন ব্যবহার: বাংলা আমার দৃপ্ত স্লোগান…. ইত্যাদি ইত্যাদি”
আধুনিক ব্যবহার: “মৌত হোগা তো একলা / মদ হোগা তো বাংলা
শব্দ ৮- মাল
প্রাচীন ব্যবহার: “মাল-পত্তর গুলো সব ঠিক-ঠাক গুছিয়ে নিও বাবাজী, কেমন?”
আধুনিক ব্যবহার: “উফ্ফ, কি মাল মাইরি, এক পলকেই ক্যাপচার করে নিয়েছি ৩৬-৩২-৩৬”
শব্দ ৯- তোলা
প্রাচীন ব্যবহার: এই বয়েসে এতটা দায়িত্ব কাঁধে তোলা কি চাট্টি-খানি কথা”
আধুনিক ব্যবহার: “এই বয়সে এত গুলো মেয়ে তোলা কি চাট্টি খানি কথা”
শব্দ ১০- ছড়ানো
প্রাচীন ব্যবহার: “ দানা ছড়িয়ে দিন, দেখবেন খুঁটে খাওয়ার লোকের অভাব হবে না”
আধুনিক ব্যবহার: “ তখন থেকে কি গ্যাঁজ-গপ্প করে যাচ্ছো? ছড়ানো বন্ধ করো”

Friday, September 23, 2011

'তন্ময় মুখো'


২০০২।কলকাতা তখন কলেজে, থাকছি কলেজ স্ট্রীটের কাছে সীতারাম ঘোষ স্ট্রীটের এক মেস-বাড়িতেআমার তখনকার এপিক-আলস্যে ভরা জিন্দেগি নিয়ে, আমার সহ-মেসি বন্ধু, বর্তমানে বাংলা কবিতার একটা কংক্রিটে-নাম,অনিমিখ পাত্র, ওরফে আমাদের মেসের সার্বজনীন কবি’; হুট করে একটা ছড়া কষেছিল
আমার মত উলু-খাগড়ার যদি জীবনী হত, তবে এই ছড়াটাই হত উজ্জ্বলতম চ্যাপটার

****
"এটা মুখার্জি তন্ময়ের এককালের রোজনামচা, তার সৌজন্যেই আমার এ নশ্বর জীবনে শ্রেষ্ঠতম আলস্য দেখা হলো" - অনিমিখ পাত্র



ম্যাদামারা হয়ে থাকে তন্ময় মুখো
দুঃখও কিছু নেই,নেই কোনো সুখও
বিকেলেতে হাফ-প্লেট চাউমিন খায়
তারপর গুটিশুটি টিউশনি যায়
ফিরে এসে বিছানায় ফ্ল্যাট হয়ে পড়ে
মুখে ফুলঝুরি তবু হাত পা না নড়ে
ঘন ঘন ঘড়িটার দিকে সে তাকায়
কখন যে মাসি খেতে ডাকবে গো হায়!
খেয়েদেয়ে কিঞ্চিৎ আলোচনা চলে
তখন কেবল সে তো শা'রুখের দলে
বই খুলে বসলেই তার ঘুম পায়
'অনেক তো পড়লাম',বলে সে ঘুমায়...”

টেলি-ভীষণ

টিভি দ্যাখা ব্যাপারটাকে মোটামুটি একটা ইণ্ডাস্ট্রিয়াল প্রসেসে নিয়ে এসেছিরীতিমত ঘাম ঝরিয়ে, মেরুদন্ড মচকিয়ে তবে আমার টিভির নাগাল পাওয়া যায়
প্রথমত, টিভির প্লাগ লাগিয়ে সুইচ অন করা
দ্বিতীয়ত, স্যাটেলাইট সেট টপ বক্সএর প্লাগ লাগিয়ে সুইচ অন করা
তৃতীয়ত, অতিরিক্ত সাউন্ড বক্সএর প্লাগ লাগিয়ে সুইচ অন করা।(পুওর ম্যানস হোম থিয়েটার)

চতুর্থত
, টিভির মূল বোতামটি টিপে যন্ত্রটিকে মন্ত্র-চালিত করা।
পঞ্চমত, টিভির রিমোট টিপে টিভি কে প্র্জ্জ্বল করে দেওয়া।


ষষ্ঠত
, স্যাটেলাইট সেট-টপ বক্সের রিমোট টিপে সেট-টপ বক্সটিকে চালু করা।

সপ্তমত, অতিরক্ত সাউন্ড-বক্স যে মিউজিক সিস্টেমে জড়িত, অনন্য রিমোট দিয়ে তাকে চালানো।
ভাবলেন টিভি চালু?
হ্যাঁ এবং না।
যন্তরটা চালু হয়েছে ঠিকই, কিন্তু যাকে চাই সেই চ্যানেলটি এত সহজে তো ধরা দেবে না!
২০০এর ওপর চ্যানেল সংখ্যা, যার মধ্যে থেকে বড়জোর খান চার-এক আপনার প্রয়োজন।
অতএব?
বুফে ডিনারে গিয়ে ড্যাব-ড্যাবে চোখে মেনু ড্যাখার মত, ডিশ-টিভি খামচা-খামচি করে দেখুন আপনি কোন পথের পথিক, সিনেমা? প্রাদেশিক? সংবাদ? সঙ্গীত? মেনু-তস্য মেনু-তস্য তস্য মেনু পেরিয়ে, রাজ্য জয় করে তবে গিয়ে পৌছবেন গন্তব্যে, কাঙ্খিত চ্যানেলটিতে।
রোজ সকালে জলখাবার নিয়ে বসে সায়েবি মেজাজে বৌকে বলি ন্যুজ চ্যানেল টা অন করো তো, দেখো, আবার বেঙ্গলী ন্যুজ চ্যানেলে চালিয়ে দিও না
সমস্ত বাঁধ ভেঙ্গে যখন বৌ টিভিটা অবশেষে চালু করে হেসে আমার দিকে ফেরে, ততক্ষণে আমার জলখাবার সম্পূর্ণ ভাবে উদরস্থ এবং আমার ব্যাজার মুখে ঘোষণা করায়, ‘দরজা বন্ধ করে দিও, অফিস চললাম

Thursday, September 22, 2011

বঙ্গ-জীবনের অঙ্গ

কিছু কিছু ব্র্যান্ড আদ্যোপান্ত বাঙালি, সে কোনও অমুক-লিভারের নয় বা কোনও তমুক-গ্যাম্বেলএরও নয়এই পণ্য-নামগুলো বাঙালির বাঙ্গালিয়ানা ঘিরে রয়েছে, অন্তত নব্বই দশক পর্যন্তও ছিলআর আমরা যারা এখন টি-টুয়েন্টি তথা ডিশ-টিভি তথা ফেসবুক-মগ্ন, তাদের কাছে এই নামগুলোর একক ডেফিনিসন হচ্ছে ছেলেবেলার গন্ধ’।


~ বোরোলীন: সুরভিত অ্যান্টিসেপটিক ক্রীমচ্যাটচ্যাটে, বাতাস ভারী গন্ধে ভরপুরতবু ঠোঁট-ফাটা থেকে ছড়ে যাওয়া হাঁটু, বোরোলীন ছিল সর্বত্রএখনো বোরোলিনের ছিপি খুললে মাএর কথা মনে আসে




~ মার্গো সাবান: সবুজভীষণ টেকসইচেটে দেখেছি, সত্যিই নিম-তেতোফ্যানা-ট্যানার পরোয়া নেই, এন্তার গায়ে-পিঠে ঘষে চলো




~ নাইসিল: আমার বাঙালি রক্ত আমায় দিয়েছে দুপুর রোদে ফুটবল, আর দিয়েছে ঘামাচি, ভাগ্যিস নাইসিল ছিলো



~

শালিমার নারকোল তেল/ কেওকারপীন হেয়ার অয়েল:
নিয়মিত মা মাথায় ঘষে দিত শালিমার নারকোল তেল এবং সেটা এতটাই পরিমাণে যে গোটাদিন মাথা চুপ-চুপ করতো। তবে বিশেষ কিছুদিনে পেতাম ইস্পেশ্যাল কেও-কারপীন হেয়ার অয়েল, দিদিদের বদান্যতায়।




~ দুলাল চন্দ্র ভড়ের তাল মিছরি: স্টক করতো বড়-জ্যাঠা, আমার চুরি বিদ্যার হাতে খড়ি।


~ অজন্তা হাওয়াই: সার্থক এর মুগুর মার্কা। পাড়ার তপুদাকে দেখেছি এই হাওয়াই চটি পড়ে ফাস্ট-বোলিং করতেআমার প্রিয় রঙ: নীল


~ কে সি পালের ছাতা: ছাতা ছাড়া বাঙালি আর মেটে ছাড়া পাঁঠা, ও একি ব্যাপার। রৌদ্র-ছায়া-মাথা ব্যথা / ভরসা তো একটাই / কে সি পাল ছাতা


~ ব্রিটানিয়া থিন-অ্যারারুট: “যতদিন দেহে আছে প্রাণ/ প্রাণপনে এ টায়ের গাইব জয়গান”আমার ছোটমামার কথায় বাঙালি কে ফিনিশ করতে হলে, ব্রিগেড আর ব্রিটানিয়া থিন-অ্যারারুট ভ্যানিস করে দাও; ব্যাস’।








"এতগুলি পণ্যেরে হে মা জননী


রেখেছো বাঙালি করে


গ্ল্যামার দাওনি"








Wednesday, September 21, 2011

মদ্য পঞ্চ-প্রদীপ





মাতালের মদ্যপান নিতান্তই অকারণ, তাই সে মাতালকিন্তু আমরা Connoisseur, সুরা-উপভোগী, মদ্দ্যপ বেল্লিক-পনা আমাদের নয়আমাদের কারণ-সেবনে অতিশয় কারণ মিশে থাকে; তাই আমাদের মদ্য-স্পর্শে স্বয়ং ঈশ্বরের অমৃতরস প্রাপ্তি ঘটে।

কোন কারণ-গুলি স্পর্শ করে আমাদের গেলাসে ডুব?


১। বৃষ্টি : এ দেহ মৃত্তিকাবত, মাটিতে একদিন মিশে গিয়েই মুক্তিবর্ষা নেমে যখন মাটি ভিজিয়ে প্রকৃতিতে নরম স্পর্শ টেনে আনে, এ মেটে-শরীর তখন সুধা-মগ্ন হতে চায়অই, হূইস্কি, আইসো ব্রাদার, এ পচা কন্ঠ বাইয়া আনন্দ-বর্ষা হইয়া নামিয়া আইসো পঞ্জর জুড়িয়াবৃষ্টি নামলেই মশাই আমার হৃদয় এক মরণ-thirst জুড়ে বসে

২। শনিবার রাত: Weekend আমায় Weak করে তোলে বন্ধু।

হপ্তা-ভোরের খাটুনি ভেস্তিয়ে
, এ হার-পাঁজড় একটু লুব্রীকেশন চায় সখা; খোলো খোলো ছিপি / আমি পেগ মাপি/ রেখো না পেয়াসা বসায়ে


৩। পুরনো বন্ধু: বহুদিন পর দ্যাখা বন্ধু, গলায় ঝুলে বেসামাল হয়ে যদি তুই ছাড়া আমার কেউ নেই রে পঞ্চাই না বলতে পারি, তো সেই বন্ধুত্বের মরচে কাটবে কি করে দোস্ত? পুরুষেরা যে অকারণে এক অপরকে জড়িয়ে ধরে বন্ধু-সোহাগ জানাতে পারে না! On The Rocks ছাড়া সম্পর্কের পাথর যে গলে না।

৪। প্রিয় গান: শুনি, সাকি তোমার কাছে, আ আআ আআ, ব্যথা ভরা আআ আআ, দারু আছেঅহহ নজরুলহৃদয় কি এমন ভাবে পেনিট্রেট করতে আছে? কোলাহল তো বারণ হল, এবার কথা গানে গানে..উফ্ফ, মাই লর্ড, মদ না থাকলে একদিন গানের হাতে খুন হয়ে যেতে হত

৫। কবিতা: কবিতা পড়া একটি ক্রাইম স্যার, জেনে রাখুন। হূইস্কির ভ্যাক্সিন ছাড়া এ ধাক্কা কোনও ভদ্রজনে কেমনে সামলায়? আর কবিতা লেখা? মদ-বিনে? হ্যাঁ? পাগল নাকি? রবীন্দ্রনাথ মদ্যপান করেননি, কিন্তু তিনি তো Perfection’এর দেবতা, কবিতা-কারখানা, কবি কই? Imperfection বাদ দিয়ে কবিতা হতে পারে, কবি হয় না; মাইকেল কবি ছিলেন, শক্তি ছিলেন, এদের বুকে কবিতা ছিল, হাতে ছিল গেলাস


এই পঞ্চ-প্রদীপিও পাঁচটি সলতে থাকতে, ভদ্র বঙ্গ সন্তান অমৃত-আগুনে পুড়বে না, তা কি করে হয়?





Saturday, September 17, 2011

বং-প্যাকিং




-'প্যাকিং একটা আর্ট বুঝলি পচা, ইন ফ্যাক্ট খুবই আন্ডার-রেটেড আর্ট। তবে যেহেতু ঘুর-ঘুর করবার টেনডেন্সি বাঙালীদের মধ্যেই বেশি, সেহেতু কোথাও ঘুরতে যাওয়ার আগে জিনিষপত্র গোছ-গাছ করবার ব্যাপারে আমাদের ফোকাসটা বেশি তীক্ষ্ণ হওয়া দরকার'- মেজোমামা ফি বছর পুজোর ছুটিতে ঘুরতে বেরোয়। ব্যাচেলর মানুষ, এক ঘুরতে বিশেষ ভালবাসে। এবার চলেছে সিক্কিম। দুপুরে খাওয়ার পর নিজের ব্যাগ গোছাতে গোছাতে আমার সাথে কথা হচ্ছিল। রাত্রি বেলা ট্রেন।

-'আর্ট কিরকম?', আমিও গ্যাঁজানোর মেজাজে ছিলাম।

-'ওয়েল, শিল্প, কারণ চ্যালেঞ্জটা হচ্ছে, কী ভাবে তুই জিনিস পত্তর বয়ে নেওয়াটাকে অপ্টিমাইজ করতে পারবি যাতে তোকে মুটের মত না ঘুরতে হয়, আবার বেসিক জিনিস পত্রের অভাবে ঘুরে বেড়ানোর মজাটাও যাতে ঘষে না যায়। অবশ্য আর্ট শুধু ব্যাটাছেলের লাগেজের ক্ষেত্রেই হতে পারে। মেয়েরা আর্ট-টার্ট মনে না। ওরা বোঝে কোয়ান্টিটি। ইউসলেস, মেয়েদের সঙ্গে কক্ষনও ঘুরতে যাওয়া নয়, ফার্স্ট রুল অফ প্যাকিং, বুঝলি?'

-'সেই জন্যেই বুঝি তুমি বিয়ে করলে না?'

-'সেটা একটা ফ্যাক্টর তো বটেই।'

-'তো প্রথম রুলটা বুঝলাম, নারী সঙ্গে সর্বনাশ, তারপর?'

-'তারপর! তারপর তোকে দেখতে হবে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যটা কি, তুই কি কোনও অফিশিয়াল ট্যুরে যাচ্ছিস নাকি ছুটি উপভোগ করতে। যদি অফিসিয়াল ট্যুর হয়ে, তবে অবশ্যই সঙ্গে একটা হালকা স্যুইট-কেস, এবং বাকি আবশ্যক জিনিস। ওটাও কোনও চ্যালেঞ্জ নয়, ধরা বাঁধা জিনিস পুরে নিলেই হল। আসল চ্যালেঞ্জ হচ্ছে যখন তুই যাচ্ছিস ভ্যাকেসনে, সাত-আট দিন জুড়ে, বাংলাদেশের এই শস্য-শ্যামলা কম্ফর্ট ছেড়ে কোনও তুবড়ি মার্কা জাগায়। যেমন আমি এবার চললাম সিক্কিমি বিরাশী-সিক্কার এক দুর্দান্ত ভ্রমণে। সাত দিনের ঘুরলি, চাট্টি-খানি কথা নয় পচা। যে লিষ্টি টা বানিয়েছি সেটা তোকে পড়ে শোনাই

'


বলেই মেজোমামা ফস করে পকেট থেকে একটা মুদির ফর্দ'র মত একটা লম্বাটে চিরকুট বের করল


-'মন স্থির করে অ্যানলাইজ করতে হবে, যে ঠিক কি কি দরকার হতে পারে, একটুও বেশি না ; একটুও কম নয়। বুঝলি রে গবেট?শুনে যা এবার :

-হোটেল বুকিং'এর রশিদ। টিক।

-ট্র্যাভেল এজেন্ট কে দেওয়া আমার পকেট কাটার রশিদ। টিক।

-ভোটার পরিচিতি পত্র। টিক।

-শীতের দেশ। প্রোটেকসন দুর্দান্ত চাই, অথচ স্পেস বেশি খরচ করলে চলবে না। উলের সোয়েটার বেশি জাগা নেয়। ক্যানসেল। বদলে রয়েছে চার খান উলিকটের গেন্জী; টু অ্যাট এ টাইম গায়ে চাপাবার জন্যে, লেদার জ্যাকেট, উলের মজা, দস্তানা, মাঙ্কি ক্যাপ।টিক।

-সাত দিনের জন্যে, তিন জোড়া প্যান্ট আর চার পিস শার্ট যথেষ্ট। ঘরের জনন্যে দু জোড়া পায়জামা। একটা বিপদকালীন ব্যবহারের জনন্যে লুঙ্গি। টিক।

-তোয়ালে বাদ। দু জোড়া গামছা ইন। নিপাট, ছিমছাম। টিক।

-ক্যামেরা। বেরিয়ে এলাম, তার দলিল রাখতে হবে তো? প্লাস দু জোড়া স্পেয়ার ব্যাটারি। টিক।

-বাপের দেওয়া ওয়াকম্যান অ্যাবানডান করে আই-পড নিয়েছি, বেশি কিছু স্কোয়ার মিলি-মিটার সেভ করা যাবে। পাহাড়ের গায়ে বসে দেবব্রতর আকাশ ভরা।ট্রীট।টিক।

-জল গরম করার ইলেকট্রিক ফ্লাস্ক প্লাস টী-ব্যাগ্স প্লাস সুগার পাউচ প্লাস ম্যাগী কাপ্পা-মেনিয়া ছয় প্যাকেট। পাহাড়ী-জঙ্গলী জায়গা। খাদ্য বিশ্বাসই আত্মবিশ্বাস।টিক।

-পকেট ডায়েরি, দুটো ডট পেন; একটা পকেটে, একটা স্পেয়ার। ইনফরমেসন গুলিয়ে ফেললে চলবে না। টিক।

-এক্সটেনশন কর্ড উইথ থ্রি সকেটস। চার্জিঙ্গ পয়েন্টের অভাবে মোবাইল বা আইপড ঠিকঠাক চার্জ করতে পারব না,সে বরদাস্ত করা যায় না। টিক।

-ব্যাক-আপ মোবাইল,অন্য সার্ভিস প্রোভাইডারের ব্যাক আপ সিম সহ, মোবাইল'এর জন্যে স্পেয়ার ব্যাটারি! মনে রাখিস পচা, কম্যূনিকেশন ইস দ্য কি। টিক।

-সিক্কিম'এর রোড ম্যাপ, এবং শিলিগুড়ি-তক বাস আর ট্রেন-সার্ভিসের লিষ্টি। টিক।

-গোল্ড-ফ্লেক প্যাকেট এক ডজন, সুখটানে ব্র্যান্ড গরবর অ্যালাউ করা যায় না।সাথে সদ্য গ্যাস ভরানো লাইটার। টিক।

-দাঁড়ি কামবার সরঞ্জাম, দাঁত-খড়কে, জনসনের ইয়ার-বাড, মার্গো সাবান, গায়ে মাখার সর্ষের তেল,কেওকার্পিন হেয়ার অয়েল, কোলগেটের ছোট টুথ-পেস্ট এবং ব্রাস।টিক।

-পুরনো খবরের কাগজ কয়েকটা। কে জানে কখন কোথায় কি লেগে যায়? টিক।

-নাইলনের দড়ি, পাঁচ গজ। ইয়ে, কে জানে। টিক।

-লিকুইড মসকিউটো রিপেল্যাণ্ট।

-প্যারাসেটামল, অ্যান্টাসিড, পেইন-কিলার, ক্রেপ-ব্যান্ডেজ,বদ হজমের গুলি, ব্যান্ড-এইড। ফিসিক্যাল কেলোর পাল্লায় পড়লে চলবে না।টিক।

-শীত-ছমছম দেশ, ভীষণ জরুরী; চ্যবনপ্রাশ।টিক।

-ইসবগুল। টিক।

-সান-গ্লাস। রে-ব্যান রে। এককেবারে চাবুক। পুজোর বোনাস থেকে নামলাম এবার। টিক।

-ফাইনালি, ক্যাশ এবং এ টী এম কার্ড।টিক।

কি বুঝলে বাবা পচারাম?’


-'ধন্য তুমি', সেলাম ঠুকে উঠে পড়লাম।

-'শুনে রাখ, ঠিকঠাক গোছগাছ করতে না পারলে শুধু ঘুরতে যাওয়া কেন? গোটা লাইফটাই মচকে যাবে রে। আর সঠিক গোছগাছ করতে কি চাই? কাগজে কলমে প্ল্যানিং। যেদিন নিজের মাথার গোবর গুলোকে অ্যাডজাষ্ট করে একটু বুদ্ধি-শুদ্ধি জেনারেট করতে পারবি, সেদিন বুঝবি যে প্ল্যানিং কি সাংঘাতিক জিনিষ', বলে পরতৃপ্ত হাসি বুলিয়ে মেজোমামা ফের ব্যাগ গোছানোয় মন দিল।

******

সন্ধ্যে আটটা বাজতেই মেজমামা বেরিয়ে গ্যাল বাক্স-প্যাঁটরা সহ। যদিও ট্রেন সেই রাত দশটায়।

রাত সোয়া নটায় মেজমামার ফোন।

-'পচা, তোকে তুরন্ত হাওড়া স্টেশনে আসতে হবে রে'

-'সে কি? কেন?'

-'ইয়ে, একটা ছোট্ট জিনিস আনতে ভুল হয়ে গ্যাছে'

-'তোমার ভুল হয়ে গ্যাছে? অ্যাত্ত প্ল্যানিং ছড়িয়েও ভুল, কি নিতে ভুলে গেছ?'

-'ওই, আর কি, মানে ট্রেনের টিকিট'টা রে, পচা! বেশি ত্যান্ডাই-ম্যান্ডাই করিস নি এখন। আমার দেরাজটা খুলে টিকিট টা নিয়ে ট্যাক্সি চড়ে জলদি আয়, ট্রেন যে এদিকে মিস হল বলে। আর হ্যাঁ, ভেবে দেখলাম কথাটা পাঁচ-কান করবার কোনও দরকার নেই রে, বহুদিন ধরেই তোর ওহ-ক্যালকাটার ডাব-চিংড়ি খাওয়ার শখ ছিল না? সিক্কিম থেকে ঘুরে এসেই দুজনে মিলে না হয় যাব? প্লিজ পচা, কাম সুন'